জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরীতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীতে উন্নয়নকাজ চলছে। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদরাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাসিক প্রশাসক।
মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে আসছেন। রাজশাহী সফরের সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মহানগরবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণ।
রাসিক প্রশাসক বলেন, অতীতে বিএনপি সরকারের আমলে রাজশাহীতে স্কুল-কলেজ, রাস্তাঘাট ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছিল। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আবারও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মসজিদ, মাদরাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও কাজ চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নিতে চান বলে জানান তিনি।
এর আগে ঐতিহাসিক মাদরাসা মাঠে মঞ্চ নির্মাণসহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।
প্রতিনিধি/এসএস