জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম নিশ্চিত হওয়া ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ জনে। মৃতদের অধিকাংশই শিশু।
রোববার (১৮ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া দুই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের বয়স যথাক্রমে দেড় বছর ও ৯ মাস। তাদের বাড়ি হবিগঞ্জ ও সিলেট জেলায়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ১১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭ জনে।
চিকিৎসকদের ভাষ্য, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের অধিকাংশই টিকা পায়নি। তাদের অনেকেই অপুষ্টি, হৃদ্রোগ, নিউমোনিয়া ও জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।
প্রতিনিধি/এসএস