Dhaka Mail Logo

সারাদেশ

আশুগঞ্জে কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ সরকার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুগঞ্জ সার কারখানা-সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির প্রাঙ্গণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ সরকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মহরম মেম্বারের ছেলে।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির বৈদ্যুতিক কেবল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে তার মরদেহের পাশে কেবল কাটার প্লাস পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ আর ফেরেননি। পরদিন তার নিখোঁজের বিষয়ে বাবা মহরম মেম্বার আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান জানান, ফরহাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক কেবল কেটে চুরি করতেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস