Dhaka Mail Logo

সারাদেশ

লালমনিরহাট সীমান্তে নারী-শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী-বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটার দিকে বুড়িমারী-বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধায় বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়।

e42ce916-2b61-4bf8-a146-561ea9c95a19

স্থানীয় সূত্র জানায়, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস