Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি

১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৭৭ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মিরসরাই উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফল অর্জনে এ আয়োজন অনুপ্রেরণা জোগাবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিজলী শিক্ষোন্নয়ন ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য মো. শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সহসাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন অমিত। বিশেষ অতিথি ছিলেন জেবি শিশু কানন ও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হামিদা আবেদীন পলি।

শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সভাপতি ফজলুল করিম নয়ন বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটিয়ে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই বিজলী শিক্ষোন্নয়ন ক্লাবের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে এ বৃত্তি কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রত্যাশা জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাছান শাকিল, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৭৭ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রতিনিধি/এসএস