জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম
দিনাজপুরের হাকিমপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা মো. তামজিদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার তামজিদুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত আজাদুল ইসলামের ছেলে।
এসআরবি জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রফিকুল ইসলামের সঙ্গে তার ভাতিজা তামজিদুলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত ১০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে তামজিদুল মোটরসাইকেলে চড়ে চাচার বাড়িতে যান। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির বারান্দায় জমি নিয়ে আলোচনার একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে রফিকুলের গলা চেপে ধরেন এবং বুকে সজোরে তিনটি ঘুষি মারেন। এ সময় অন্য এক আসামিও রফিকুলের নাক-মুখ, বুক ও পিঠে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে পরিবারের সদস্যরা রফিকুলকে বাঁচাতে এগিয়ে এলে দুই আসামি মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত রফিকুলের মুখ দিয়ে রক্তমিশ্রিত বমি হওয়ায় তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. তানজিয়ারা (৩৮) বাদী হয়ে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং এসআরবি-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ দল অভিযান চালায়। শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি তামজিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবির এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/টিবি