জেলা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জিনু মার্কেটে মীযানুর রহমান মিজান (৩২) নামে এক ব্যবসায়ীকে দোকানের ভেতর প্রকাশ্যে গুলি চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আমানউল্যাপুর ইউনিয়নের জিনু মার্কেটের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘মিজান স্টোর’ এ কাজ করা অবস্থায় এ হামলার ঘটনা ঘটে।
পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় প্রেরণের পরামর্শ দেন।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত মীযানুর রহমান বেগমগঞ্জ উপজেলার ১ নম্বর আমানউল্যাপুর ইউনিয়নের আহাম্মদ উল্যাহর ছেলে।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ বলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত। শনিবার রাতে কেনাবেচার সময় মিজান নিজ দোকানে কর্মরত ছিলেন। তখন স্থানীয় সন্ত্রাসী ‘কানা নিজাম’-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল অতর্কিত তার ওপর হামলা চালায়। এ সময় কানা নিজামের উপস্থিতিতে ছিল স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজানুর রহমান পলাশ, কালা শহীদ, তারেক, রায়হান, শাহ আলম, রাজু, ফরহাদ, ফাহাদ, আসিফ, সৈকত, নজরুল, রনি, সাকিব, ফয়সাল ও শাহসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন তার দোকানে ঢুকে খুব কাছ থেকে মিজানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। রক্তাক্ত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেন।
এদিকে, ঘটনার পর থেকে পুরো জিনু মার্কেট ও আমানউল্যাপুর এলাকায় চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে তার খোঁজ খবর নিয়েছি। ঘটনাস্থলে পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি