জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সুতিয়ারখাল থেকে হায়াতুন্নেছা (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাতিবান্ধা গ্রামের ওই খালে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হায়াতুন্নেছা উপজেলার গাছগড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর স্বামী সহিমদ্দিন আগেই মারা গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, হায়াতুন্নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাকে খোঁজাখুঁজি করছিলেন পরিবার । দুইদিন পর খালে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত হায়াতুন্নেছার স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। এ কারণে মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে যেতেন। কিছু সময় পর আবার ফিরে আসায় গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পরও প্রথম দিকে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন হননি।
তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজখবর নিতে থাকেন। এরই মধ্যে শনিবার সকালে হাতিবান্ধা গ্রামের সুতিয়ারখালে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সেখানে আসা স্বজনেরা হায়াতুন্নেছাকে শনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে