Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ থেকে অব্যাহতি

জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে তীব্র সমালোচনা শুরু হলে ওই ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

জহিরুল ইসলামের বাড়ি গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

সম্প্রতি জহিরুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নেতাদের দৃষ্টিগোচর হলে জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ও এর অধিনস্থ গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জহিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এ বিষয়ে বলেছেন, জহিরুল ইসলামের মাদকসদৃশ বস্তু সেবনের একটি ভিডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহিত দেওয়া হয়েছে। জহিরুল নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা মাদক সেবনের ভিডিও ক্লিপ ও অভিযোগের বিষয় যাচাই-বাছাই করছি। তদন্ত করে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ