জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পিএম
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দল হিসেবে বিএনপি ধর্মীয় গোঁড়ামি বিশ্বাস করে না।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কুমিল্লার সদর উপজেলার কালীর বাজারে অবস্থিত কুমারপুকুর পাড় দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, দেশের বৈধ নাগরিক হিসেবে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সবাইকে সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাসের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, ততবারই সব ধর্মের মানুষের সমান অধিকারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। প্রত্যেক মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন- এটাই হওয়া উচিত। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে সবার পরিচয় এক। দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান।
মন্ত্রী আরও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি নিরাপদ, সম্প্রীতিপূর্ণ ও উন্নত বাংলাদেশ পায়, সে লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, কোনো গোষ্ঠী যেন আপনাদের মধ্যে হীনম্মন্যতা বা বৈষম্যের অনুভূতি তৈরি করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে। আপনারা এ দেশের নাগরিক এবং দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। এই বিশ্বাস শুধু কথায় নয়, নিজেদের চিন্তা-চেতনা ও আচরণেও ধারণ করতে হবে। তাহলেই আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে পারব।
দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, পূজামণ্ডপে দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সিভিল ড্রেসে দায়িত্ব পালন করছেন আরও সরকারি কর্মকর্তা। সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজা উদ্যাপন আনন্দময়, নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সরকার এমন একটি পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ধর্মীয় উৎসব উদ্যাপনে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা নিজেরাই যেন বলতে পারেন, তাদের পূজা উদ্যাপনে নিরাপত্তার জন্য বিশেষভাবে পাহারার প্রয়োজন হচ্ছে না- এমন স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হবে।
এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল