জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম
গাজীপুরের টঙ্গীতে আলাদা দুটি আগুনের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকান ও মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার কাদেরিয়া টেক্সটাইল গেটে এক দোকানে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার কাদেরিয়া টেক্সটাইল গেটে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তে আশেপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ১টায় ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে খাবারের হোটেল, মুদি ও মনোহারি দোকানসহ আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে টঙ্গীর আউচপাড়ার খাঁপাড়া রোডে দুটি সেমিপাকা দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়। এ ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/টিবি