Dhaka Mail Logo

সারাদেশ

যারা দেশকে অচল করতে চেয়েছে, আজকের বিরোধীদল তাদেরই সঙ্গী: এ্যানি

জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম

যারা একসময় হরতাল-অবরোধ মাধ্যমে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা এই হরতাল-অবরোধ করে বলেছিল, শান্তিতে থাকতে দেব না, অচল করে দেওয়া হবে- আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে এক।’ 

সজাগ-সতর্ক থাকা নিয়ে তিনি বলেন, ‘কারণ, রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি। জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন রাজনৈতিক যুদ্ধ আমাদেরকে করতে না হয়। বাংলাদেশে আমাদের শান্তি, আমাদের সম্প্রীতি ও নাগরিক সুবিধা আদায় করে নিয়ে ইজ্জত সম্মানের সহিত সবাই মিলেমিশে থাকতে পারি, সেটাই হোক আমাদের অঙ্গীকার।’

বিরোধী দলের ভূমিকা নিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা যারা সরকারি দল, আমাদের যেমন নৈতিক দায়িত্ব আছে, আমাদের যেমন কমিটমেন্ট আছে, ঠিক বিরোধী দলে যারা আছেন তাদেরওতো নৈতিক দায়িত্ব আছে, কমিটমেন্ট আছে। তাহলে যেদিন আমরা শপথ নিয়েছি, যেদিন আমরা দায়িত্ব নিয়েছি, সেদিন থেকে এখন পর্যন্ত কতটুকু দায়িত্ব বিরোধী দল পালন করেছে, এটাওতো বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ দিতে হবে? কেন রোডমার্চ করতে হবে?

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।