জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
কক্সবাজারের ইনানিতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এর আগে ৫ জনের লাশ উদ্ধারের খবর জানায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় আরও ৭-৮ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কিলোমিটার। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
>> আরও পড়ুন
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫
এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে সরে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় রিসোর্টে মোট কতজন পর্যটক অবস্থান করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
/এএস