Dhaka Mail Logo

সারাদেশ

‘হিন্দু সম্প্রদায়ের মানুষ আগের চেয়ে অনেক বেশি সুখে-শান্তিতে আছেন’

জেলা প্রতিনিধি

১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম

মাদারীপুর-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, দেশের হিন্দু ভাইয়েরা অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি আনন্দ, সুখ ও শান্তিতে বসবাস করছেন।​ সমাজে একে অপরের সহযোগিতা করলে, বিত্তবানরা অসহায়দের পাশে দাঁড়ালে পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুর চিন্তাহরণ সরকারবাড়ি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খোকন তালুকদার বলেন, হাজার হাজার কোটি টাকা ঋণ দিলেই উন্নয়ন হয় না। যদি প্রান্তিক মানুষের কাছে বছরে ২০ হাজার টাকাও পৌঁছে, সেটাই অর্থনীতিতে বেশি ভূমিকা রাখে। প্রান্তিক মানুষের হাত শক্তিশালী হলে, অর্থনীতির হাতও শক্তিশালী হবে। সরকারের দেওয়া ফ্যামিলি কার্ডের অর্থও জমা করলে অসহায় মানুষ একসময় সাবলম্বী হতে পারবে।

​বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ তুলে ধরে খোকন তালুকদার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে মাত্র দুই বছর সময় দিন। যখন সবার ঘরে অনুদানের সহায়তা পৌঁছে যাবে এবং সবাই ফ্যামিলি কার্ড হাতে পাবেন, তখন বুঝতে পারবেন এই আড়াই হাজার টাকা সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। যাদের মাসিক কোনো আয় নেই, তাদের জন্য এই আড়াই হাজার টাকাও অনেক বড় প্রাপ্তি বলে আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানে অজয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, বিএনপি নেতা রফিক মাতুব্বর, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান কবির প্রমুখ।

অনুষ্ঠান শেষে সদর উপজেলার কেন্দুয়া, মস্তফাপুর, ঘটমাঝি, ঝাউদী, খোয়াজপুর ইউনিয়নের ৩৯টি পূজা মণ্ডপ পরিদর্শণ করেন সংসদ সদস্য।

প্রতিনিধি/টিবি