জেলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ এএম
পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজের চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নিখোঁজ শিশু রাইয়ানের মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেন। এতে তার বোনজামাই আল-আমিনকে (৪০) প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে প্রধান অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের বাসিন্দা রাসেল খান তার ১০ মাসের শিশু সন্তান রাইয়ানকে নিয়ে ঘরের ভেতর ঘুমিয়ে ছিলেন। ওই সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে লেপাপোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন।
সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল সাময়িকভাবে ঘুম থেকে জেগে ঘরের ভেতর তার বোনজামাই আল-আমিনকে দেখতে পান। আল-আমিনকে দেখার পর রাসেল আবারও ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই দেখা যায় শিশু রাইয়ান বিছানায় নেই এবং সে নিখোঁজ রয়েছে।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আল-আমিনের সঙ্গে শিশুটির বাবা রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি এরআগেও আল-আমিন শিশু রাইয়ানকে অপহরণের হুমকিও দিয়েছিলেন।
অভিযোগ উঠেছে, সেই বিরোধের জের ধরেই ৩-৪ জনের সহায়তায় আল-আমিন শিশুটিকে ঘর থেকে অপহরণ করেছেন।
বাবার কোল ঘেঁষে ঘুমিয়ে থাকা ১০ মাসের অবুঝ শিশু নিখোঁজের এই ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শিশু নিখোঁজের মামলায় পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত প্রধান আসামি আল-আমিনকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপহৃত শিশুটিকে দ্রুত ও নিরাপদে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এমএইচআর