জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ২৬টি বিচারাধীন মামলার আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহামুদ সাদ্দামকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পরে তাঁর গোডাউন থেকে সাতটি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া ক্যানালপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ক্যানালপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৫টা ৫০ মিনিটে গোবিন্দপুর মাঠপাড়ায় তাঁর নিজস্ব গোডাউনে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, একটি কুড়াল, দুটি ছুরি, দুটি বড় ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া আলমডাঙ্গা থানার একটি মামলায় আদালত তাকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিয়াল সাদ্দামকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গোডাউনে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধ/এজে