Dhaka Mail Logo

সারাদেশ

‘দুর্গাপূজায় নিরাপত্তায় বিজিবির ৫৮ বেইজ ক্যাম্প’

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম

শারদীয় দুর্গাপূজা ঘিরে যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের আট কিলোমিটারের মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ২২২টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে ৫৮টি বেইজ ক্যাম্পের মাধ্যমে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। পাশাপাশি যশোর ও গোপালগঞ্জে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম।

শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি বলেন, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ২৯টি এবং যশোর শহরে ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

বিজিবি অধিনায়ক আরও জানান, যশোর রিজিয়নের নিয়মিত দায়িত্বপূর্ণ এলাকার বাইরে হলেও প্রশাসনিক দায়িত্বের অংশ হিসেবে গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যশোর ও গোপালগঞ্জসহ সাতটি জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।

প্রতিনিধি/এলএ