Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় উল্টোপথে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও দশজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার গুজিয়াম এলাকার বগার বাজারে নিগারজামান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মফিজুল হকের ছেলে নাইম মিয়া (২৩) এবং ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিগুরকান্দা গ্রামের রায়েরগ্রাম এলাকার আব্দুস সোবহানের ছেলে কামাল ফকির (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের বগার বাজার এলাকার দাবির উদ্দিন স্পিনিং মিলের শ্রমিকেরা রাতের কাজ শেষে বাড়ি ফেরার জন্য একটি লেগুনায় ওঠেন। লেগুনাটি নিগারজামান ফিলিং স্টেশনের সামনে ইউটার্ন নেওয়ার সময় উল্টোপথে আসা ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। আহত হন নারীসহ আরও নয়জন।

খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দাবির উদ্দিন স্পিনিং মিলের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সেলিম আল রাজী জানান, আহত শ্রমিকদের চিকিৎসার জন্য মিলের একজন কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ বডি-ব্যাগে করে ত্রিশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানান, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। সেখান থেকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এজে