জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালিয়ে আটটি ককটেলসদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি-৬ সদস্যরা। অভিযানের সময় কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অভিযান চালানো হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এসআরবি-৬-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর বালির মাঠ এলাকায় অভিযান চালান বাহিনীর সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুর্বৃত্ত দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বোমা পাওয়া যায়।
উদ্ধার করা ককটেল সদৃশ বোমাগুলো জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, শংকরপুর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ককটেল নিয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক অভিযান চালানো হলে দুর্বৃত্তরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি প্যাকেটে আটটি ককটেলসদৃশ বোমা পাওয়া যায়।
তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে কোথাও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এসব ককটেল মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/ এজে