Dhaka Mail Logo

সারাদেশ

সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম

সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এবং প্রতিটি নাগরিকের ধর্মীয় উৎসব পালনের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পঞ্চগড়ে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীরে ৩৬০ মিটার বাঁধ নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। দেশের প্রতিটি নাগরিক যাতে স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কোনো সুযোগসন্ধানী বা চক্রান্তকারী শক্তি যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সর্বস্তরের জনগণকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করতে এবং দুর্গোৎসবে তাদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী আগামী ১৮ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

পঞ্চগড়ের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে বিভিন্ন অঙ্গসংগঠনের মাধ্যমে প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। তারা সার্বক্ষণিকভাবে জেলার বিভিন্ন পূজামণ্ডপে অবস্থান করবেন। স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন, যাতে পুরো জেলায় নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।

তিনি আরও বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব বা অঘটন এড়াতে স্থানীয় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ