জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
দীর্ঘ আড়াই মাস পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ফেইজ থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতে খার আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে খনির নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়।
জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট ১৩০৯ নম্বর ফেইজে কয়লা উত্তোলন শেষ হয়। ওই ফেইজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। পরে ফেইজটি বন্ধ ঘোষণা করে যন্ত্রপাতি ১৪০৫ নম্বর ফেইজে স্থানান্তর করা হয়। এতে প্রায় আড়াই মাস সময় লাগে।
এদিকে, খনি সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া কয়লাখনির কোল ইয়ার্ডে বর্তমানে ৬ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। মজুত কয়লার পাশাপাশি বর্তমানে উৎপাদিত কয়লার বড় অংশ খনির পাশের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আবারও কয়লা উত্তোলন শুরু হওয়ায় বড়পুকুরিয়া কয়লাখনিতে কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (প্রোডাকশন অ্যান্ড কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) আ স ম ইফতে খার আলম চৌধুরী জানান, শুক্রবার রাত থেকে নতুন ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হবে। নতুন ফেইজ থেকে প্রায় আড়াই লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে।
প্রতিনিধি/এআর