জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছে, ভোর ৬টার দিকে জাদিমুরা এলাকায় নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা মরদেহটি নৌকা থেকে তীরে এনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল আমিন বলেন, সকালে নাফ নদীসংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহতের চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সকালে জাদিমুরা এলাকার নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জাদিমুরা-সংলগ্ন নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এলএ