Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে কৃষক হত্যা, ঢাকায় মূল আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

বরিশালের মুলাদীতে জুয়া খেলায় বাধা দেওয়া নিয়ে কৃষক শুক্কুর আলী (৪২) হত্যা মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার কোতোয়ালি থানার বাবুবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকালে এসআরবি-৮, বরিশালের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত শুক্কুর আলী বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ধলেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষক ছিলেন।

এজাহারের বরাতে জানা গেছে, স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধ ছিল। চলমান মৎস্য অভিযান চলাকালে জাটকা নিধনে বিরত থাকা এবং কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলায় বাধা দেওয়ায় অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিল বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ অক্টোবর বিকাল ৫টা ৪০ মিনিটে কৃষ্ণপুর এলাকার একটি দোকানে চা পান শেষে বাড়ি ফিরছিলেন শুক্কুর আলী। মিরাজের চায়ের দোকানের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা ও অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মুলাদীর কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে ১৫ অক্টোবর ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় হত্যা মামলা করা হয়।

প্রতিনিধি/এলএ