জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পিএম
সাতক্ষীরার তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও মাছের ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
নিহিতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলের বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। পরে তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।
অভিযোগ অনুযায়ী, রাতভর নির্যাতনের সময় ক্ষিতিশের হাত-পা ভেঙে দেওয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডল বলেন, আমার চাচাতো ভাই ক্ষিতিশ মণ্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে? আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মণ্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এলএ