জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে। বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ কোচ কেনার চুক্তির আওতায় এটি প্রথম চালান। পর্যায়ক্রমে আরও ১৮২টি কোচ দেশে আসবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। শুক্রবার পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ছেড়ে গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

প্রথম চালানে আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার, তিনটি এসি চেয়ার, দুটি এসি স্লিপার এবং দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কার দুটিতে গার্ডদের জন্য পৃথক কামরা ও যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম জানান, দর্শনায় পৌঁছানোর পর কোচগুলোর প্রাথমিক পরিদর্শন ও শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, সংযোগ স্থাপন ও কার্যক্ষমতা যাচাই শেষে যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের বহর আধুনিকায়ন ও যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০২৪ সালের ২০ মে ভারতের রাইটস লিমিটেডের সঙ্গে ২০০টি ব্রডগেজ রেলকোচ কেনার চুক্তি করা হয়। পরে ২০২৫ সালের ১১ নভেম্বর চুক্তিটি সংশোধন করা হয়। সেই চুক্তির আওতায় প্রথম দফায় ১৮টি কোচ দেশে পৌঁছাল।
কোচগুলো গ্রহণের সময় পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, অতিরিক্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ফয়সাল আহমেদ, দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ