জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পিএম
গাজীপুরের রাজেন্দ্রপুরের সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পড়ে থাকা হাতবোমার বিস্ফোরণে এক ব্যবসায়ীর চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল নয়টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম নূর মোহাম্মদ (৪৫)। তিনি ওই এলাকায় আসবাবপত্রের ব্যবসা করেন। তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে নূর মডেল স্কুলের সামনে ময়লার স্তূপের পাশে প্রস্রাব করতে যান নূর মোহাম্মদ। এ সময় সেখানে স্কচটেপ দিয়ে মোড়ানো বিস্ফোরকসদৃশ একটি বস্তু দেখতে পান তিনি। বস্তুটি চিনতে না পেরে তিনি সেটি হাতে তুলে নেন। পরে আশপাশের লোকজনকে দেখানোর একপর্যায়ে সেটির সেফটি পিন খুলে ফেলেন। এতে বিস্ফোরণ ঘটে এবং তাঁর এক হাত গুরুতর জখম হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর শ্রীপুর থানার পুলিশ, এসআরবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সেটি তুলে পিন খুলে ফেললে বিস্ফোরণ ঘটে। এতে নূর মোহাম্মদের হাতের তালু ও আঙুল জখম হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এআর