Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল ও বিপুল বিস্ফোরক

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার সদৃশ সাদা পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বিষয়টি শুক্রবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন এসআরবি-৫ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে গোপন সংবাদে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় সদর উপজেলার ৫ নম্বর মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে- দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ। অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

এসআরবির ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশে দুষ্কৃতকারীরা এসব সেখানে মজুদ করে রেখেছিল।

উদ্ধার বস্তুগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ