জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কের পাশ থেকে রাতের আঁধারে বিভিন্ন প্রজাতির ১৪টি বড় গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার ঘোরামারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোরামারা এলাকায় সড়কের পাশ থেকে জাম, ইউক্যালিপটাস ও আকাশমণিসহ প্রায় ১৪টি বড় গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গাছের গোড়া ও ডালপালা পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয়দের ধারণা, ইলেকট্রিক করাত দিয়ে গাছগুলো কাটা হয়েছে। তাদের হিসাবে, গাছগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, সড়কের ঘোরামারা এলাকার কাছেই রাজকান্দি বন রেঞ্জের কার্যালয় ও সড়কে একটি চেকপোস্ট রয়েছে। এরপরও গাছগুলো কেটে নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ করেন তিনি। তার ধারণা, গাছগুলো কাটতে অন্তত তিন থেকে চার ঘণ্টা সময় লেগেছে। পুলিশি টহল থাকার পরও এতগুলো বড় গাছ কীভাবে কেটে নিয়ে যাওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একসঙ্গে এতগুলো গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় বড় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তার ধারণা। খবর পাওয়ার পর তিনি বন বিভাগ, থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন।
রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তানভির হোসেন বলেন, এলজিইডির সড়কের পাশ থেকে গাছ কেটে নেওয়ার বিষয়টি তারা শুনেছেন। বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার বলেন, গাছ কেটে নেওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছেন। থানার ওসি ছুটিতে থাকায় তিনি ফিরে এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস