Dhaka Mail Logo

সারাদেশ

বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের সই করা গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ। এ কারণে সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সাল বলেন, তিন্দু বাজারের সংযোগ সড়কটির মেরামতকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, পর্যটকেরা আলীকদম হয়ে থানচির তিন্দু এলাকায় আসায় তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে আগাম তথ্য থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্টে তিন্দু সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হন।

প্রতিনিধি/এসএস