Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১৪ প্লাটুন মোতায়েন

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৪টি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত।

শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

দুর্গাপূজা উপলক্ষে বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় পূজামণ্ডপগুলো চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে দিনাজপুর শহর এলাকায় ২২টি, দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৪১টি পূজামণ্ডপ রয়েছে। সব মিলিয়ে ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৪টি আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।d1236326-d81c-40e9-b8d9-8290e7ebe10f

এসব পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজার পুরো সময়জুড়ে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা, সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি সবাইকে গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা সম্ভব। সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় করে তোলার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এসএস