Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম

নড়াইল সদর উপজেলায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরা বাজার আঞ্চলিক সড়কে গোবরা মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের বাসিন্দা। তিনি গনেশ সরকারের স্ত্রী। পেশায় রংমিস্ত্রি মুক্তা রানী কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন মুক্তা রানী। পথে গোবরা বাজারে পৌঁছানোর পর সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে করে তারা মুশুড়িয়ার দিকে রওনা হন। গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এ সময় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তা রানী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস