জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম
শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়গনগর বাজারে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে জয়গনগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজারে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একে একে সাতটি দোকান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো বিল্লাল খানের মিষ্টির দোকান, জহির মাদবরের ফলের দোকান, জাবেদ খানের খান ফার্মেসি, সাইদুল মাদবরের মুদি দোকান, মো. আরিয়ানের মোবাইলের দোকান, মো. রবিউলের সেলুন এবং সুজনের মুদি দোকান।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাফর শেখ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, আগুনের কবল থেকে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস