জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ এএম
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া ইয়াবাসহ আটক দুজনকেও পৃথক দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার তিনজন হলেন শুভ (২০), ছানোয়ার হোসেন হৃদয় (২৩) ও ইয়াসিন (২৬)।
ফারুক হোসেন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় একটি এবং মাদকসহ আটকের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। হামলায় আহত রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দুটি করেন।
তিনি জানান, হামলার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। পরে রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, ফাঁড়িতে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মাদকসহ আটক দুজনকেও হামলা ও মাদকের পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের ঢাকার আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৫৮ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে মো. আনিছ (১৮) এবং গাজীপুর সদর থানার চা বাগান বাশতলা এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে শিমলা (২২)।
পরে তাদের রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রেলওয়ে পুলিশের এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন।
প্রতিনিধি/এসএস