Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড, তিন ক্রেতাকে জরিমানা

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ এএম

মাদারীপুরে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন ক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুই জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে শিবচর উপজেলার কাজীরসুরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন।

মাদারীপুরের জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় চরজানাজাত পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছিম আহমেদসহ থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে জব্দ করা জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে সবাইকে মৎস্য আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস