Dhaka Mail Logo

সারাদেশ

পূজার আনন্দ করা হলো না, সড়ক দুর্ঘটনায় সাবেক ব্যাংক কর্মকর্তার নিহত

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

কুমিল্লা নগরের কান্দিরপাড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক সাহা (৬৮) নামের এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নগরের নজরুল অ্যাভিনিউ সড়কে জামান মেডিকেল হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।

নিহত দীপক সাহা নগরের কান্দিরপাড় এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকার মতিঝিল শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ছিলেন। গত বছর চাকরি থেকে অবসরে যান তিনি।

জামান মেডিকেল হলের স্বত্বাধিকারী দীপ সাহা জানান, সন্ধ্যার পর দীপক সাহাসহ কয়েকজন তার দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ইজিবাইকটি তার ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর দীপক সাহাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ইজিবাইকচালক ইব্রাহিমকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশের ইনচার্জ রাকিব বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযুক্ত ইজিবাইকচালককে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস