জেলা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম
রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক ও তার স্ত্রীকে আটকের কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাত ১১টার দিকে নগরের হড়গ্রাম বাজারসংলগ্ন হাইটেক পার্ক সড়ক থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহীর উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য জানান।
আটক ব্যক্তির নাম মো. আল আমিন (৪৩)। তিনি রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তার স্ত্রী একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহীর উপপরিচালক মো. মেহেদী হাসান বলেন, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের তথ্য পাওয়ার পর নগরের বিভিন্ন স্থানে নজরদারি ও চেকপোস্টের মতো ব্যবস্থা নেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হড়গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে চলে যান। পরে ধাওয়া করে মোটরসাইকেলটি থামানো হয়। সেটি থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মেহেদী হাসান আরও বলেন, আটক আল আমিন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং তার স্ত্রীও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস