Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

286240e7-8b8a-49e4-a9d6-10a4aae0c6c6

খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়। তবে মোটরসাইকেলচালক পালিয়ে গেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস