Dhaka Mail Logo

সারাদেশ

নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকে পাথর পরিবার

জেলা প্রতিনিধি

১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে এক প্রবাসী বাংলাদেশি পরিবার। বড় ছেলের আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বাবা-মা। দুই সন্তানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও পরিচিতজনদের মধ্যে।

নিহত দুই ভাই হলেন শাহ আদ্রী (২৬) ও শাহ ওয়াদি (১০)। বড় ছেলে শাহ আদ্রী সম্প্রতি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। আর ছোট ছেলে শাহ ওয়াদি ছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরপর দুই সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তাদের বাবা শাহ আসাদ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দুই ছেলের মৃত্যুতে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা। মেজো ছেলে শাহ আয়ানকে জড়িয়ে ধরে বিলাপ করছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ছেলে শাহ আদ্রী। এর ১১ দিন পর, গত বুধবার (১৪ অক্টোবর) মারা যায় ছোট ছেলে শাহ ওয়াদি।

নিহত দুই ভাইয়ের মামাতো ভাই তাজুল বাহার জানান, জ্বরে আক্রান্ত হওয়ার পর স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে শাহ ওয়াদির মৃত্যু হয়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামের এই পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও দেশের শিকড়ের সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের। তবে পরপর দুই সন্তানকে হারিয়ে পরিবারটির ওপর নেমে এসেছে গভীর শোক।

দুই ভাইয়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও পরিচিতজনেরা।

মাত্র ১১ দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারটি। দুই ভাইয়ের এমন অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও।

প্রতিনিধি/এসএস