Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে ৭৯০০ ইয়াবাসহ সরবরাহকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম

কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহের অভিযোগে মো. হারুন রশীদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ভাঙ্গা-বরিশাল কাউন্টারের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় টেকনাফ-কক্সবাজার রুট দিয়ে আসা সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়। পরে তল্লাশি চালিয়ে হারুন রশীদকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার হারুন রশীদ কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইউনুছের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার বাবা মৃত সিদ্দিক মিয়া এবং মা মৃত রেনুয়ারা বেগম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হারুন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শিরিন আক্তার বৃহস্পতিবার রাতে বলেন, মাদক সরবরাহ ও পাচারের বিরুদ্ধে আমাদের নিয়মিত জিরো টলারেন্স অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৯০০টি ইয়াবাসহ হারুন নামে এক জন সরবরাহকারীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলবে।

এমআর/এআরএম