Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে ৬০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হলো জাতীয় গ্রিডে

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পিএম

ফরিদপুর জেলা পরিষদের দুটি ভবনের ছাদে স্থাপিত ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নেট মিটারিং পদ্ধতির আওতায় এ পরিচ্ছন্ন বিদ্যুৎ যুক্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষ্যে ফরিদপুর জেলা পরিষদ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে দুটি স্থাপনায় ৬০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড।

চুক্তির শর্ত অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি সৌরবিদ্যুৎকেন্দ্র দুটির মেরামত ও রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় প্রকল্পের উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এ ছাড়া অনুষ্ঠানে ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এ উদ্যোগ জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/এজে