Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না কেন- তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ সামদানী এবি পার্টির নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। এ সময়ে তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সময়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে।

দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করে। অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা পক্ষাবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থি। এ বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, সাময়িক অব্যাহতির বিষয়ে জানতে চাইলে গোলাম মোহাম্মদ সামদানী বলেন, আমাদের কেন্দ্রীয় সভাপতি আমাকে ফোন করেছেন। আমি বলেছি, ১৫ দিনের মধ্যে জবাব দেব। আমি জামায়াতের কার্যালয়ে শেষ মুহূর্তে গিয়েছিলাম। কারা গাড়ি ভাঙচুর করেছে, এ বিষয়ে আমি কিছুই জানি না।

আমার বাংলাদেশ পার্টি কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আভ্যন্তরীণ বিষয়ে এ বি পার্টি কুমিল্লা মহানগরীর আহ্বায়ক জনাব গোলাম মোহাম্মদ সামদানীর সম্পৃক্ততার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান মঞ্জু বিষয়টি অবগত হয়েছেন। জামায়াতের আভ্যন্তরীণ বিষয়ে সৃষ্ট জটিলতায় এবি পার্টি কুমিল্লা মহানগর ও জেলা কোনোভাবেই সম্পৃক্ত নয়। ব্যক্তিগত সিদ্ধান্তে কেউ এমনটি করে থাকলে- এবি পার্টি এর দায়ভার বহন করবে না। মহানগর ও জেলা শাখার সকল নেতাকর্মীকে এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।

প্রতিনিধি/এলএ