জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পিএম
দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬-২১ অক্টোবর পর্যন্ত ৬ দিন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে অবরোধ কর্মসূচি স্থগিতের পর এবার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের আদেশ প্রত্যাহার করল জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কার্যালয়ের গত ১১-১০-২০২৬ তারিখের (রোববাব) জরুরি গণবিজ্ঞপ্তিতে জারিকৃত নির্দেশনা পরিবর্তনক্রমে সাজেক ভ্যালির সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হলো।
এর আগে, ১১ অক্টোবরের গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানিয়েছিল, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সায়মিকভাবে বন্ধ ঘোষণা করা হলো। ওই বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ভ্যালের নির্দেশনাও দেয় প্রশাসন।
এদিকে, দুর্গাপূজাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক বিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে আগামী ১৬-২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
এরপর রাতের মধ্যেই জেলা প্রশাসন থেকে পর্যটনকেন্দ্র বন্ধের আদেশ প্রত্যাহারের নির্দেশনা এলো। এতে করে পর্যটকদের আর সাজেক ভ্যালি ভ্রমণে বাধা নেই।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, সাজেক ভ্যালির সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামীকাল (শুক্রবার) থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।
প্রতিনিধি/এলএ