Dhaka Mail Logo

সারাদেশ

সারের ডিলার নিয়োগে ‘অনিয়ম’, ১১ দলের বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবি

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত এবং এনসিপি ও জামায়াত নেতাদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে ডাইংপাড়া মোড়ে ১১ দলীয় ঐক্য-এর ব্যনারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের দাবিও জানানো হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা অধ্যাপক আব্দুল খালেক। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন, সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় ডিলার নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ধরনের দলীয় প্রভাব কিংবা অনিয়মের কারণে যেন কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নিরপরাধ মানুষকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং হয়রানিমূলক মামলার ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

প্রশাসনের নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের জেলা আমির বলেন, প্রশাসনকে সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষের প্রতি সমান আচরণ করতে হবে। পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি।

সমাবেশে বক্তারা সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনানুগ পদক্ষেপ এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোহাম্মদ মোবাশ্বের হোসেন, জামায়াতের জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কামরুজ্জামান, শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, এনসিপির রাজশাহী মহানগরের সদস্যসচিব মোহাম্মদ আতিকুর রহমান, জেলার সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

কর্মসূচিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের কর্মী-সমর্থকরা অংশ নেন। 

প্রতিনিধি/এলএ