জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম
দুর্গাপূজাকে ঘিরে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে আগামী ১৬-২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা।
যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ডাকা সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানিয়েছেন, আগামীকাল (শুক্রবার) থেকে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
তারা বলেন, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোনো দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা কোনো জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে। সুতরাং প্রশাসন সাজেকবাসীর দাবি পূরণ না করলে দুর্গোৎসবের পর আবার এই কর্মসূচি পালন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যথা সময়ে কর্মসূচি বিষয়ে জানিয়ে দেওয়া হবে।
বিবৃতিতে তারা কোনো প্রকার কালক্ষেপণ না করে অতি দ্রুত দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন করে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।
এর আগে, গত বুধবার দ্বিতীয় দফায় সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ডাকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। দুই সংগঠনের ডাকে বৃহস্পতিবার দিনভর সড়কে অবরোধ পালিত হয়। সন্ধ্যায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাজেক সড়কের বাঘাইহাট ১০ নম্বর এলাকা, মাচালং ১৪ কিলো, উজোবাজারসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করা হয়। অবরোধের কারণে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধে সাজেক সড়কে সব ধরনে যানবাহন চলাচল বন্ধ ছিল। অবরোধকারীরা সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এলএ