Dhaka Mail Logo

সারাদেশ

গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাদের পাওয়া যায়নি।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)। ফারুক শ্রীপুরের ধনুয়া দক্ষিণপাড়া এলাকার আক্তার হোসেন দোলনের বাড়ির ভাড়াটিয়া। মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী ওই পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে শ্রীপুরের নয়নপুর গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

এজাহারে বলা হয়েছে, গত সোমবার (১২ অক্টোবর) রাত নয়টার দিকে ফারুক ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। পরে নয়ন ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তাকে টেনেহিঁচড়ে একটি পরিত্যক্ত টিনশেড বাড়ির কক্ষে নিয়ে যান। সেখানে ফারুক ও নয়ন তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুজনও তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস