জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পিএম
নেত্রকোনায় ভ্যানগাড়িতে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সেইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, একটি বাটন মোবাইল ফোন ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে জেলা সদরের ত্রিয়শ্রী বাজারে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক রুজেল জেলা সদরের বিজয়পুর সিংহের বাংলা এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গতকাল বিকালে সদরের ত্রিয়শ্রী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় রাস্তার ওপর থামানো পুরোনো একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি তল্লাশি করা হয়। ভ্যান গাড়িতে রাখা একটি কার্টনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় ভ্যানচালক রুজেল মিয়াকে আটক করা হয়। পাশাপাশি
মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যানগাড়ি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে
পলাতক আসামি রফিকুল ইসলামের (৩৯) ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি পুরোনো কালো রঙের মোটরসাইকেলের তেলের ট্যাংক ও চারটি নম্বরপ্লেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, এ ঘটনায় রুজেল ও রফিকুল ইসলামের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আটক রুজেলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/ এজে