Dhaka Mail Logo

সারাদেশ

‘শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার’

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার নজর রাখছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্যে করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সে সময় লক্ষ্মীপুরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারীকরণের আওতায় আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিক্ষার প্রসারে আন্দোলন, অবৈতনিক শিক্ষাব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তারা দুজন আজ বেঁচে না থাকলেও তাদের সন্তান তারেক রহমান শিক্ষার উন্নয়ন ও নতুন প্রজন্মকে শক্তিশালী করার বিষয়ে কাজ করে যাচ্ছেন।

জুলাই আন্দোলনে আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে অনেকে ত্যাগ স্বীকার করেছেন, শহীদ হয়েছেন এবং অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এসব পরিবারের প্রতি শুধু সমবেদনা জানানোই নয়, কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়েও বিশেষ নজর রয়েছে।

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ও পুলিশ সুপার মো. আবু তারেক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী।

প্রতিনিধি/এসআই