জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম
দিনাজপুরের হাকিমপুরের (হিলি) মধ্যবাসুদেবপুর এলাকায় চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হাকিমপুর (হিলি) থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার গোসাইপুর গ্রামের গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে হাকিমপুর পৌরসভার মধ্যবাসুদেবপুর এলাকায় গণেশের চাতালের সামনে পাকা রাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চার বোতল মদ, একটি ভারতীয় পাসপোর্ট ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়।
এসআই গোপাল চন্দ্র সরকার আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৪(ক) অনুযায়ী হাকিমপুর থানায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস