Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

গোপালগঞ্জে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় ফিরোজ সিকদার নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ওই কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন ফিরোজ সিকদার। কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় কিশোরীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফিরোজ সিকদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও গোপালগঞ্জের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক রায় শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধি/এসএস