Dhaka Mail Logo

সারাদেশ

নিহতের গহনা-মোবাইল ফোনের সূত্র ধরে ২ আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

বাগেরহাটের মোংলায় চা বিক্রেতা আসমা বেগম (৩৯) হত্যা মামলায় দুই মাস পর ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মোংলা থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম।

 গ্রেফতার ইকরামুল শেখ খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার এবং মীর আলী ঝালকাঠির নলছিটি উপজেলার দেলোটিয়া গ্রামের বাসিন্দা। মীর আলী মোংলা শহরে বাসা ভাড়া করে থাকতেন।

প্রেস ব্রিফিংয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম জানান, গত ১৪ আগস্ট মোংলা ফেরিঘাট এলাকা থেকে চা বিক্রেতা আসমা বেগমকে ফুসলিয়ে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের কাটাখালী গ্রামে নিয়ে যান ইকরামুল শেখ ও মীর আলী। সেখানে ইকরামুলের ফাঁকা বাড়িতে রাত যাপনের পরদিন সকালে তুচ্ছ ঘটনা ও আর্থিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে হত্যা করা হয়। ঘটনার ছয় দিন পর গত ২০ আগস্ট বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে আসমার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

নিহতের পরিহিত গহনা, কাপড় ও মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। গত মঙ্গলবার বিকেলে দাকোপ থেকে ইকরামুল এবং মোংলা থেকে মীর আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাত যাপনের পর ওই নারীকে হত্যার কথা স্বীকার করেছেন বলেও জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/এলএ